Agaminews
Dr. Neem Hakim

আগামী সপ্তাহে এফবিসিসিআই নির্বাচনের তফসিল, নভেম্বরে ভোট: প্রশাসক


Ekattor News প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ১:৪৭ অপরাহ্ন /
আগামী সপ্তাহে এফবিসিসিআই নির্বাচনের তফসিল, নভেম্বরে ভোট: প্রশাসক

বিজনেস ফাইল প্রতিবেদক
নানা ঘটনা, আলোচনা-সমালোচনা শেষে পেরিয়ে আগামী সপ্তাহে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা হবে এবং নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে- এমন সম্ভাবনার কথা জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান। ইতোমধ্যে দ্বিতীয়বারের মতো নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। উল্লেখিত দুটি বোর্ডেই পূর্বে গঠন করা সকল সদস্যই বলবৎ রয়েছেন। নির্বাচন নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এমন অন্তত ৫টি প্যানেল নেতৃবৃন্দরা দিনরাত নানা গবেষণা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকেরই এখনো প্রশ্ন জাতীয় নির্বাচনের পূর্বে এফবিসিসিআই নির্বাচন হবে কিনা? এ উত্তর তারা কোথাও খুঁজে পাচ্ছেন না। বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, ডিটিও এমনকি প্রশাসক এখন পর্যন্ত নির্বাচন বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি। দ্বিতীয়বারের মতো বোর্ড গঠিত হলেও, কেন তফসিল দেয়া হচ্ছে না কেন এ নিয়ে নানাজনের নানা কথা থাকলেও অনেক সিনিয়র সদস্য ব্যবসায়ী থেকে একজন প্রশাসকের নিয়োগ দেয়া জরুরী এবং গ্রহণযোগ্য মনে করেছিলেন। কিন্তু এ মুহূর্তে এটা সম্ভব নয় এমনটি দাবি করে একাধিক এফবিসিসিআই বিশ্লেষক বিজনেস ফাইলকে বলেন, ব্যবসায়ীদের মধ্য থেকে প্রশাসক শুরুতে দেয়া হলে সম্ভব ছিলো এবং এটার আবেদনও বেশ ছিল। এখন এটা গুরুত্বহীন হয়ে পড়েছে। কারণ এ মুহূর্তে ব্যবসায়ী প্রশাসক দিলে বিভিন্ন প্যানেল সমালোচনা করবে এ বলে যে, উনি অমুক প্যানেলের হয়ে কাজ করবেন ইত্যাদি। আরেকটি বিষয় ঘুরপাক খাচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবসায়ীদের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন একটা কমিটি করে দেয়া। এ ব্যাপারটা নিয়েও উচ্চ মহলে বেশ আলোচনা চলছে। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্য একটা কিছু উপহার দেয়ার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা ইতিবাচক বলেই বিশ্লেষকরা মনে করছেন। ইতোমধ্যে প্রশাসক হাফিজুর রহমানের কিছু কর্মকান্ড নিয়েও জিবি সদস্যদের মধ্যে বেশ হতাশা রয়েছে। সর্বশেষ ঘোষিত বাণিজ্য আইন বিধিমালা-২০২৫ নিয়ে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, আইন সবসময় সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ঘোষিত গেজেট আইনকে পেছনের দিক থেকে টেনে নেয়া হয়েছে। এটাকে তারা বলছেন এভাবে, ‘বিয়ের আগেই বউকে তালাক দেয়া’। যা আধুনিক প্রযুক্তির যুগে বেমানান।
অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্যানেলের একাধিক নেতা বলেছেন, বিগত ২৫ বছরে যা সম্ভব হয়নি এবার অন্তর্বর্তীকালীন সরকার তা করে দেখিয়েছে। বিশেষ করে উপরের সর্বোচ্চ চারটি পদ অর্থাৎ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, দুজন সহ-সভাপতি পদে সরাসরি নির্বাচন এবং চেম্বার ও এসোসিয়েশনের ভোটাররা ভোট দিতে পারবেন এটা রাজনৈতিক সরকারের সময়ে একরকম অসম্ভবই ছিল। একই সাথে ডিভিসি, জয়েন্ট স্টক ২০০০ টাকার পরিবর্তে ২০,০০০ টাকা সদস্য ফিস ২৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ হাজার টাকায় রূপান্তর এগুলো নিয়েও অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠনে উল্লেখিত বিষয়সমূহ কার্যকর করা এক ধরনের মাত্রাতিরিক্ত ব্যাপার বলে সদস্যদের মধ্যে ভিন্ন মতও রয়েছে।
গত ১৮ জুন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। তখন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ সেপ্টেম্বর। পরে নির্বাচন ঘিরে নানা অভিযোগের কারণে সম্প্রতি নির্বাচনের সময় আরও ৪৫ দিন বাড়িয়েছিল।
এবাবের নির্বাচন হবে ২০২৫ সালের নতুন বিধিমালা অনুযায়ী, তাতে পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমে ৪৬ জনে আসবে। এই ৪৬ সদস্যের মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি ও দুজন সহসভাপতি, যারা পরে নির্বাচিত পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন। এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান গতকাল বিজনেস ফাইল বলেন, নির্বাচন হতে এখন আর বাধা নেই। তাই আগামী সপ্তাহে তফসিল ঘোষণা হবে এবং নভেম্বরে নির্বাচন হবে।
প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমও পদত্যাগ করেন। গত বছরের ১১ সেপ্টেম্বর সংগঠনটির পর্ষদ ভেঙে দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের আগে পর্যন্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
নির্বাচন বোর্ড পুনর্গঠন : উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এফবিসিসিআইর ২০২৫-২৭ সাল মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রাজ্জাককে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুর্শেদা জামান ও মুস্তাফিজুর রহমানকে সদস্য করা হয়। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের মো. আবদুর রহিম খানকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এবং একই মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব তানভীর আহমেদ ও মো. রাজ্জাকুল ইসলামকে সদস্য করা হয়।
গত বছরের ১৮ জুনের ঘোষিত তফসিল অনুযায়ী, সভাপতি, সহসভাপতি ও পরিচালক পদে সরাসরি ভোট হবে। ৭ সেপ্টেম্বর ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিয়ে একজন করে সভাপতি ও জ্যেষ্ঠ সহসভাপতি, ২ জন সহসভাপতি এবং ৩০ জন পরিচালক নির্বাচিত করার কথা। পরে ভোটের সময়সীমা ৪৫ দিন পিছিয়ে দেওয়া হয়।
এদিকে আইন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন বেআইনি এমন অভিযোগে উচ্চ আদালতে রিট মামলা করেন আলাউদ্দিন আল মাসুম নামে একজন ব্যবসায়ী। শুনানি শেষে গত ২২ জুলাই এফবিসিসিআইর নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করে নতুনভাবে বিধি মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করতে বাণিজ্য সচিব, মহাপরিচালক ও এফবিসিসিআই প্রশাসককে নির্দেশনা দেন হাইকোর্ট।