Agaminews
Dr. Neem Hakim

আধিপত্য বিস্তারে রায়পুরায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ১, বিএনপি কার্যালয় ভাঙচুর


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন /
আধিপত্য বিস্তারে রায়পুরায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ১, বিএনপি কার্যালয় ভাঙচুর

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী) :

নরসিংদীর রায়পুরা উপজেলা আধিপত্য বিস্তার নিয়ে নাজিম উদ্দীন মেম্বার ও আলাল মুন্সি গ্রুপের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এসময় গুলিতে মামুন মিয়া (২৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নিলক্ষার দড়িগাও দক্ষিনপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়েছে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয়ের ভেতরে থাকা দলীয় প্রধানের ছবি, চেয়ার সহ বেশ কয়েকটি বাড়িঘর। ঘটনাস্থলে অবস্থানকালে পুলিশ, র‍্যাব সহ আইনশৃংখলা বাহিনী ও সাংবাদিকদের ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে একটি পক্ষের অনুসারীরা।

নিহত মামুন মিয়া (২৫) নিলক্ষার দড়িগাও এলাকার আব্দুল আওয়াল মিয়ার ছেলে। সে নাজিমউদ্দীন গ্রুপের সমর্থক। মামুন ১৫ দিন আগে কুয়েত থেকে দেশে ফিরে আসেন।

অন্যদিকে আহতদের মধ্যে প্রাথমিকভাবে আব্দুর রশিদের ছেলে বেলাল (৩০), মস্তু মিয়ার ছেলে আব্দুল আওয়াল (৫৫) এর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেলা সাড়ে তিনটায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বিপুল সংখ্যক সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পৌঁছায়।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুইটি গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ঘটনার পর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চরাঞ্চল থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও সেনাক্যাম্প স্থাপনের জন্য ঢাকা সেনানিবাসের প্রিন্সিপাল স্টাফ অফিসারের নিকট চিঠি প্রেরণ করেছেন।

চিঠিতে বলা হয়, গত এক বছরে এ উপজেলায় ১২ জন খুনের শিকার হয়েছে। ২৪ ইউনিয়ন ও একটি পৌরসভার এ জনপদে প্রায় প্রাণঘাতি সংঘর্ষ হচ্ছে। চিহ্নিত সন্ত্রাসীরা তাদের কার্যক্রম ঘটিয়ে চরাঞ্চলে আশ্রয় নিয়ে আইনশৃংখলার অবনতি ঘটাচ্ছে।এজন্য চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার কথা উল্লেখ করা হয়।