Agaminews
Dr. Neem Hakim

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে চাটখিলে এনসিপির মানববন্ধন


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন /
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে চাটখিলে এনসিপির মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চাটখিল (নোয়াখালী) :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবের অন্যতম নায়ক (ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী) শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জেলা সংগঠক মো. হানিফ, চাটখিল উপজেলা প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, রাশেদুল ইসলাম, মুফতি নাজমুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মো. ওমর ফারুক যোগ দিয়ে বলেন, ‘‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরের বাজে বন্দোবস্ত ভেঙ্গে আমরা যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছি, তার আংশিক বাস্তবায়ন হয়েছে মাত্র। ওসমান হাদি ভারতীয় আগ্রাসন বিরোধী শক্তির সেনাপতি। সেই সেনাপতিকে নিঃশেষ করে দিলে আবার সেই পুরোনো বাজে বন্দোবস্তে ফেরত যেতে পারবে। এই বিশ্বাসে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। হাদির পক্ষে আজ সমগ্র বাংলাদেশ দাড়িয়েছে’’।

তিনি আরো বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে না। যখন পুলিশের অস্ত্র কোমরে থাকে, তখন সন্ত্রাসীদের অস্ত্র মাথায় উঠে যায়, জনগণ এই অবস্থার নিস্তার চায়। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই এনসিপির রাজনীতির মূল লক্ষ্য’’।

মানববন্ধন শেষে, চিকিৎসাধীন ওসমান হাদির সুস্থতা কামনায় চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে মুসল্লী ও পথচারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।