Agaminews
Dr. Neem Hakim

এক ম্যাচ নিষিদ্ধ মেসি


Ekattor News প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন /
এক ম্যাচ নিষিদ্ধ মেসি

পূর্ব অনুমোদন ছাড়া এমএলএস অল স্টার গেম থেকে ছিটকে যাওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি।

ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড ও তার সতীর্থ জর্ডি আলবা ইনজুরিতে না পড়লেও বুধবার প্রতিযোগিতায় অংশ নেননি।

এমএলএস এক বিবৃতিতে বলেছে, ‘লিগের নিয়ম অনুযায়ী, লিগের পূর্বানুমোদন ছাড়া অল স্টার গেমে অংশ না নেওয়া কোনো খেলোয়াড় তাদের ক্লাবের পরবর্তী ম্যাচে অংশ নিতে পারবেন না।

এই নিষেধাজ্ঞার ফলে শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচটি মিস করবে তারা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করেছেন মেসি।

ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, চলতি সপ্তাহে বিশ্রামে আছেন মেসি।

ইএসপিএনকে মাসচেরানো বলেন, ‘দেখুন, খেলোয়াড়রা সবসময়ই অস্বস্তিতে থাকে, বিশেষ করে যখন তারা প্রতি তিন দিন পর পর খেলে।

মাস স্পষ্ট জানান, সিদ্ধান্তটি খেলোয়াড়দের নয়, ক্লাবের ছিল। ‘আমি আজ স্পষ্টভাবে বলতে চাই, মেসি ও আলবার না খেলার সিদ্ধান্তটি ছিল ক্লাবের। আমি মনে করি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাব হিসেবে আমরা খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুস্থতাকে প্রাধান্য দিয়েছি লিগের একটি প্রদর্শনীমূলক ম্যাচের চেয়ে,’ বলেন মাস।

গত ৩৬ দিনে ৯টি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ, এমএলএস মৌসুম, ক্লাব বিশ্বকাপ শেষে এখন লিগস কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। এই ব্যস্ত সূচির মধ্যেই অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় বিশ্রামের সিদ্ধান্ত নেয় মায়ামি।

‘তারা (মেসি ও আলবা) খেলতে চায়, ম্যাচ জিততে চায়। এটাই তারা এখানে এসেছে করতে। আগামীকালকের ম্যাচের গুরুত্ব তারা বোঝে। তারা বুঝতে পারছে না, একটি প্রদর্শনী ম্যাচে না খেললেই কীভাবে নিষেধাজ্ঞা এসে পড়ে,’ বলেন মাস।

এ সিদ্ধান্ত মেসির ভবিষ্যত চুক্তির ওপর প্রভাব ফেলবে কিনা—এমন প্রশ্নের উত্তরে মাস বলেন, ‘মেসি আজ খুবই হতাশ, এটা প্রত্যাশিত। আমি আশা করি, দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে না। তবে তাৎক্ষণিকভাবে, লিগের নিয়মকানুন ও পদ্ধতি নিয়ে খেলোয়াড়দের ধারণায় প্রভাব ফেলবে—এটা বলতেই পারি।’

আগামী বছর যদি একই পরিস্থিতি হয়, তাহলে একই সিদ্ধান্ত নেবে ক্লাব, জানিয়ে মাস বলেন, ‘এই পরিস্থিতি সহনীয় নয়। ধরুন, পরের বছর আমাদের শনিবার একটি অ্যাওয়ে ম্যাচ, মঙ্গলবার বা বুধবার অল-স্টার ম্যাচ, তারপর আবার শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচ—তাহলে আমরা একই জায়গায় থাকব। একই সিদ্ধান্ত নেব।’

এদিকে এমএলএস কমিশনার ডন গারবার বলেন, এই নিয়ম নিয়ে নতুন করে ভাবছে লিগ। ‘আমরা নিয়মটি পর্যালোচনা করবো। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে এর উপযুক্ত সংস্করণ বের করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ,’ বলেন গারবার।

মেসির সঙ্গে ইন্টার মায়ামির বর্তমান চুক্তি ২০২৫ মৌসুম শেষে শেষ হবে। তবে তার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনাও চলছে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।