Agaminews
Dr. Neem Hakim

‘এমন দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আর কোথাও দেখিনি’


Ekattor News প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন /
‘এমন দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আর কোথাও দেখিনি’

স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম চালুর ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত ও কার্যকর সহযোগিতার জন্য প্রশংসা করেছেন। আজ শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু এমন দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আমরা আর কোথাও দেখিনি। স্পেসএক্স-এর পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা আপনাদের টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টকে বাংলাদেশে আগমনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এখন বর্ষার সময়, প্রকৃতি সবুজে ঘেরা, চারদিকে পানিই পানি। তবে একইসঙ্গে আমাদের বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়, যা নির্ভরযোগ্য সংযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে।’

তিনি বলেন, ‘বিশেষ করে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে উন্নত সংযোগের প্রয়োজন খুব বেশি। সেখানে উপযুক্ত স্কুল, শিক্ষক ও চিকিৎসকের অভাব রয়েছে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করেছি, যাতে সেসব দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।’

স্বাস্থ্যসেবার অন্তর্ভুক্তিকরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে দুর্গম এলাকার মানুষ ঘরে বসেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারেন। তাদের চিকিৎসা ইতিহাস ডিজিটালি সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজ করবে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের জন্য চিকিৎসকের কাছে যাওয়া অনেক সময় পুরুষ সাহায্য ছাড়া সম্ভব হয় না। কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসা নিতে পারবেন।’

‘বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও এ সুবিধা পাবেন। ভাষাগত সমস্যার কারণে অনেকে বিদেশে চিকিৎসকের সঙ্গে দেখা করতে দ্বিধা বোধ করেন। এখন তারা দেশের ডাক্তারদের সঙ্গে অনলাইনে পরামর্শ করতে পারবেন। আমরা ছোট পরিসরে কাজ শুরু করেছি, তবে আপনারা চাইলে এটি বিশ্বব্যাপী সম্প্রসারণ করতে পারেন,’ বলেন তিনি।

অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করে লরেন ড্রেয়ার বলেন, ‘আপনি যেভাবে একটি উদাহরণ তৈরি করেছেন, তা অন্য নেতাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া যায়। অধ্যাপক ইউনূস যদি তার দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন।’

তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের উদ্যোগেরও প্রশংসা করেন।

তিনি বলেন, ‘জনসেবাগুলো জনগণের কাছে পৌঁছাতে আপনি যে পদক্ষেপ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি সারা বিশ্ব ভ্রমণ করি এবং বুঝতে পারি দুর্নীতি কত বড় একটি সমস্যা। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও সুশাসন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।’

এই বৈঠকে স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস; জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।