Agaminews
Dr. Neem Hakim

কটিয়াদীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী


admin প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ১১:৪১ অপরাহ্ন /
কটিয়াদীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ও কটিয়াদী:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশি শ্রমিকেরা বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অংশ দেশে পাঠিয়ে অর্থনীতি সচল ও শক্তিশালী রাখেন। তারা হচ্ছেন উন্নয়নের অন্যতম মূল চালিকাশক্তি। এ সময় তিনি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় করেন।

মন্ত্রী আজ (১৭ মার্চ) মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে ইরানের মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে স্বজনদের সাথে সাক্ষাতসহ সমবেদনা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী নিহতের মা ফাতেমা আক্তার ও স্ত্রী জোসনা আক্তারের হাতে নগদ ৩ লাখ টাকার চেক ও বিভিন্ন ঈদ সামগ্রি উপহার তুলে দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কটিয়াদী সফরকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকে জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইফ বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনায় কটিয়াদীর ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের মেজো ছেলে বাচ্চু মিয়া (৪০) নিহত হন। নিহতের এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোক ও অনিশ্চয়তায় দিন কাটছে তার স্বজনদের।
নিহত বাচ্চু মিয়া সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।