Agaminews
Dr. Neem Hakim

কমেনি মরিচের দাম, সরবরাহ বাড়লেও ইলিশের বাজার চড়া


admin প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন /
কমেনি মরিচের দাম, সরবরাহ বাড়লেও ইলিশের বাজার চড়া

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। মৌসুম ফুরিয়ে আসা, বৃষ্টি আর সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে বাড়তি দাম যাওয়া মরিচের দাম এখনও কমেনি। বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ কেজিতে ১০০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৮০ টাকায়। সপ্তাহ ব্যবধানে বাজারে সরবরাহ বাড়লেও চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দাম কিছুটা কম দেখা গেছে আজকের বাজারে। সেই সঙ্গে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে অতিরিক্ত বাড়তি দামে।

বাজার ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির মধ্যে সরবরাহ ভালো থাকায় গ্রীষ্মকালীন সবজির দাম কমেছে। এসব বাজারে বেগুন প্রকারভেদে ৫০ থেকে ৭০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দুল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা এবং কচুর মুখী ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে সজনে কেজি ১৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কাঁচা আম ৫০ টাকা এবং কাঁচা মরিচ প্রকারভেদে ২০০ থেকে ২৮০ টাকা ও পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, ইন্ডিয়ান গাজর ১৫০ টাকা, মুলা ৬০ টাকা, দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতা ৩৫০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৪০ টাকা প্রতি পিস, কাঁকরোল ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বৃষ্টির কারণে শাকের বাজার কিছুটা চড়া। বাজারগুলোতে লাল শাক ১৫ টাকা আঁটি, লাউ শাক ৪০ থেকে ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা এবং ডাটা শাক ২ আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে আলু ২৫ থেকে ৩০ টাকা, দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান। তিনি বলেন, সাধারণ ক্রেতাদের স্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করা উচিত, কিন্তু এই উদ্যোগ কখনোই নিতে দেখা যায়নি। ফলে বিক্রেতারা যেমন ইচ্ছা তেমন দাম আদায় করছে সাধারণের কাছ থেকে। আজ এক পোয়া কাঁচা মরিচ কিনলাম ৬০ টাকায়।

কারওয়ানবাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন কাঁচা মরিচের দাম বিষয়ে বলেন, বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পায়। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়েছে। গতকাল ফের বৃষ্টির কারণে আজকের বাজারে আবার প্রভাব পড়েছে। আজকে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২০০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এসব বাজারে সোনালি কক মুরগি ৩১০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৮০ টাকা, লাল লেয়ার ২৮০ টাকা, সাদা লেয়ার ২৭০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় ইলিশের সরবরাহ বাড়লেও দাম বেশ চড়া। বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ ২৬০০ টাকা, ৭০০ গ্রাম ইলিশ ২২০০ টাকা, ৫০০ গ্রাম ইলিশ ১৬০০ টাকা এবং ৩০০ গ্রাম ইলিশ ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক কেজি চাষের শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়, দেশি শিং ৮০০ থেকে ১০০০ টাকা, রুই মাছ ৩৫০ থেকে ৫০০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙ্গাস ২০০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১২০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতলা ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কৈ মাছ ২২০ থেকে ২৩০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি ১৩০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে আদা ১৬০ থেকে ২০০ টাকা, দেশি রসুন ১৩০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৮০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা, খেসারির ডাল ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মিনিকেট চাল প্রকারভেদে ৮২ থেকে ৯২ টাকা, নাজিরসাইল ৮৪ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা এবং ‘২৮’ চাল ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায়, এবং দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।