Agaminews
Dr. Neem Hakim

করিমগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর রাতে কনসার্ট


admin প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন /
করিমগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর রাতে কনসার্ট

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক কনসার্টের আয়োজন করা হয়। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কনসার্টের বিষয়টি একাধিক লাইভেও প্রচার করা হয়। এমনকি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের একজন সভাপতির ফেসবুক আইডি থেকেও এ কনসার্ট লাইভে প্রচার করা হয়েছে। অবশ্য পরে এটি ডিলিট করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম দিনু কনসার্ট অনুষ্ঠান পরিচালনা করছেন।

স্থানীয় লোকজন ও বিএনপি নেতারা জানায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর দিন বিএনপির অঙ্গ ও সহযোগী সংঠনের এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও এ ধরনের অনুষ্ঠানে যোগদান কোনভাবেই কাম্য নয়।

করিমগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর রাতে আয়োজন করা কনসার্টে নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিনসহ অন্যান্য স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, এদিন নারীদেরকে নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন শোভনীয় নয়।

সংশ্লিষ্টরা জানান, নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন জানান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম দ্বীনু এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্যোক্তা।

এদিকে কনসার্টে নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তোফাজ্জল হোসেন মানিকসহ বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত থাকার কারণে কনসার্ট আয়োজনে জড়িতদের ধিক্কার জানিয়েছেন সচেতন মানুষ।
স্থানীয়দের ভাষ্যমতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর রাতে একাধিক নারী নিয়ে কনসার্ট আয়োজন করায় সাধারণ মানুষের মনে বিএনপি দল সম্পর্কে নীতিবাচক প্রভাব পড়েছে। তারা আরও জানান, সমলোচনার মুখে উপজেলা বিএনপি নেতারা এবং স্থানীয় লোকজনের চাপে ওইদিন মধ্যরাতে ব্যানার সরিয়ে কনসার্ট বন্ধ করা হয়। এতেও মানুষের ক্ষোভ কমেনি।

এ ব্যাপারে করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে নিয়ামতপুরে কনসার্ট আয়োজনের ব্যাপারে স্থানীয় লোকজন আমাকে অবহিত করেছেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আয়োজনকারী নেতাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।