
নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার দেহুন্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাটিয়া নদীর পুর্বপাড়ে এ ঘটনাটি ঘটে। ৯৯৯ এ ফোনকল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় একাধিক সূত্র ও ক্ষতিগ্রস্ত আব্দুস ছালামের ছেলে ইয়াছিন গণমাধ্যমকে জানান, প্রতিপক্ষের লোকজনের সঙ্গে নানা বিষয়ে পুর্ববিরোধ ছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ভাটিয়া নদীর পুর্বপাড়ের আদিলুজ্জামানের ছেলে মোশাররফ, সামছুজ্জামানের ছেলে নূর মোহাম্মদ ও পার্শ্ববর্তী আব্দুল মালেক সহ ৭-৮ জনের একটি দল তাদের বসতবাড়িতে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা বাড়িতে প্রবেশ করে একদফা হামলার পাশাপাশি লোকজনকে নানা ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
পরবর্তিতে দ্বিতীয় দফা ওইদিন রাত দেড়টার দিকে আবারো হামলাকারীরা বসতবাড়ির পূর্বভিটের বাংলো ঘর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তছনছ করে। এ সময় ঘরে অবস্থানরত জনৈক লোককে (নাম প্রকাশে অনিচ্ছুক) হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাকে না পেয়ে ওই ঘরে আগুন ধরিয়ে দেয় এবং গোয়ালঘরে থাকা দুই লাখ টাকা মূল্যের একটি বিদেশি গাভী লুট করে নিয়ে যায়।
অন্যদিকে হামলাকারীদের দেয়া আগুনে বাংলো ঘর দাউদাউ করে জ্বলে মুহুর্তেই অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়লে বাংলোঘর, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
করিমগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসাই) মোস্তাক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, বসতঘরে হামলা ও অগ্নিকাণ্ডের খবর ৯৯৯ এ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। এ সময় তিনি পুর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :