Agaminews
Dr. Neem Hakim

কাপাসিয়ায় বাজার ইজারাদারের ক্যাশিয়ারের ওপর হামলা ও টাকা ছিনতাই; সংবাদ সম্মেলনে বিচার দাবি


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন /
কাপাসিয়ায় বাজার ইজারাদারের ক্যাশিয়ারের ওপর হামলা ও টাকা ছিনতাই; সংবাদ সম্মেলনে বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া বাজারে ইজারাদারের ক্যাশিয়ারের ওপর হামলা, লাখ টাকা ছিনতাই এবং প্রভাব খাটিয়ে সরকারি রাজস্ব আদায়ে বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় কাপাসিয়া বাজারের বর্তমান ইজারাদারের পক্ষে ক্যাশিয়ার মাহবুব হাসান এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে মাহবুব হাসান অভিযোগ বলেন সরকারি নিয়ম মেনে বিপুল অংকের রাজস্ব দিয়ে তারা বাজারের ইজারা নিলেও একটি স্বার্থান্বেষী মহল শুরু থেকেই কাজে বাধা দিয়ে আসছে। গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে তিনি যখন কাঁচা বাজারে টাকা কালেকশনে ছিলেন, তখন ৫নং বিবাদী ইলিয়াস হোসেনের নেতৃত্বে রাকিব হোসেন, মনির হোসেন, আতিক, দীপক দাস ও শফিকুল ইসলামসহ একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। তিনি আরও জানান, সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে আহত করে এবং তার কাছে থাকা ইজারার নগদ ২,৭২,৩৫০/- (দুই লক্ষ বাহাত্তর হাজার তিনশত পঞ্চাশ) টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও সন্ত্রাসীরা এখনো বেপরোয়া আচরণ করছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে বর্তমান বাজার ব্যবসায়ী সমিতির কমিটিকে ‘অবৈধ’ ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোনো নির্বাচন ছাড়াই রাতের আঁধারে এই কমিটি গঠন করা হয়েছে। এই অবৈধ চক্রটি সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে এবং প্রান্তিক কৃষকদের জোরপূর্বক উচ্ছেদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এছাড়া ইজারাদারের লোকজনের ওপর হামলা চালিয়ে বাজারে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তারা। সংবাদ সম্মেলনে উত্থাপিত ৪ দাবিগুলো হলো ১. হামলাকারী ও টাকা ছিনতাইকারী রাকিব, মনির, আতিকসহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার। ২. ব্যবসায়ী সমিতির অবৈধ আহবায়ক কমিটি বাতিল করে বৈধ নির্বাচনের ব্যবস্থা করা। ৩. প্রান্তিক কৃষকদের উচ্ছেদ বন্ধ করে তাদের ন্যায্য স্থানে ব্যবসার সুযোগ দেওয়া। ৪. ইজারাদারের জান-মালের নিরাপত্তা এবং সরকারি রাজস্ব আদায়ের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ক্যাশিয়ার মাহবুব হাসান প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।