
নিজস্ব সংবাদদাতা, কাপাসিয়া (গাজীপুর) :
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজ শুক্রবার সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে হাজার হাজার শ্রমিকের অংশগ্রহণে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন ও উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি কাপাসিয়ার ঐতিহাসিক তাজউদ্দিন চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিটের পরিবহন শ্রমিক ছাড়াও নির্মাণ শ্রমিক, রংমিস্ত্রি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের হাজার হাজার সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম। তিনি তাঁর বক্তব্যে বলেন: “দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কর্মপরিবেশ উন্নত করতে প্রশাসন সব সময় পাশে আছে। মালিক-শ্রমিক সুসম্পর্কই পারে একটি সমৃদ্ধ উপজেলা ও দেশ গড়তে।” গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশাল মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি এস এম মাসুদ রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মজনু মিয়া, শ্রমিক নেতা ফারুক মিয়া, শ্রমিক নেতা ফারুক খান, শামীম ফকির, সহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় শ্রমিক নেতারা তাদের কর্মঘণ্টা, সঠিক মজুরি এবং পেশাগত নিরাপত্তার দাবি নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো শ্রমিক যেন হয়রানির শিকার না হয়, সেদিকে নজর রাখতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে উপস্থিত শ্রমিকদের মাঝে মিষ্টি ও পানি বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে কাপাসিয়ার শ্রমজীবী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :