Agaminews
Dr. Neem Hakim

কাপাসিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


Ekattor News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৯:১২ অপরাহ্ন /
কাপাসিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকার একটি ‘কার ওয়াশ সেন্টার’ থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে যে, জঙ্গলবাড়ি এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে জঙ্গলবাড়ি এলাকার একটি কার ওয়াশ সেন্টারে আকস্মিক অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে মাদক বিক্রির সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে কাপাসিয়ার বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল বলে জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন: ১. মোতাহার(৩৭), পিতা: মৃত আঃ মান্নান, গ্রাম: সূর্য নারায়নপুর, কাপাসিয়া। ২.মহিউদ্দিন (৩৩), পিতা: মৃত আঃ মান্নান, গ্রাম: সূর্য নারায়নপুর, কাপাসিয়া। ৩.মো: মুন্না (২৫), পিতা: মোঃ মনির, গ্রাম: বানার হাওলা, কাপাসিয়া সদর। আটককৃতদের রাতেই কাপাসিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের বলেন, “যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে। যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, কাপাসিয়াকে মাদকমুক্ত করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা