
নিজস্ব সংবাদদাতা, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোমেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারের নবাব বিরিয়ানি হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া থানার এসআই (নিঃ) পলাশ বাউনের নেতৃত্বে এএসআই মো. কামরুজ্জামান ও এএসআই মো. রিপন মিয়াসহ একটি চৌকস দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে ডিউটিরত ছিলেন। বিকেল ৫:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আমরাইদ বাজারের দক্ষিণ পাশে গাজীপুর-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর মাদক কেনাবেচা হচ্ছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মোমেন। এসময় সঙ্গীয় অফিসারদের সহায়তায় তাকে হাতে-নাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের জিপারে রক্ষিত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ ১০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মোমেন কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেঁচুরদিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচা করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই সে উক্ত মাদকদ্রব্য নিজের কাছে রেখেছিল। এসআই পলাশ বাউন জানান, ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :