
এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কাপাসিয়া বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ রবিবার বিকেলে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক এই অভিযান পরিচালনা করেন। বাজার পরিদর্শনকালে তিনি প্রতিটি দোকানের পণ্য বিক্রয়মূল্য যাচাই করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে:প্রতিটি দোকানে ক্রেতাদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা ঝুলিয়ে রাখা।পাইকারি ক্রয় রসিদ বা ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা।
বিক্রয় রশিদ প্রদানসহ ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা। পরিদর্শন শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক সংবাদকর্মীদের জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। পরবর্তীতে যদি কোন ব্যবসায়ের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োচিত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতারা।
আপনার মতামত লিখুন :