Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে আর্ন প্রজেক্ট টিম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন / ০
কিশোরগঞ্জে আর্ন প্রজেক্ট টিম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাজহার মান্না, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রজেক্টের টিম সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ সেপ্টেম্বর) শহরের গাইটালে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বেসরকারি সংস্থা ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলপমেন্ট এই ওরিয়েন্টেশনের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, পরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্বাগত বক্তব্য দেন ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী। পরে টিম সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ফ্যামিলি টাইসের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম ও ট্রেনিং) হাফিজ আদনান।
পাশাপাশি প্রজেক্টের কর্মএলাকা কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, পাকুন্দিয়া, কটিয়াদী ও নিকলী উপজেলার টিম ম্যানেজারগণ স্ব স্ব উপজেলার প্রকল্প কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এতে তারা সংশ্লিষ্ট উপজেলার মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনা, পারস্পরিক যোগাযোগ, সমন্বয়, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দেন।

ওরিয়েন্টেশনে বক্তারা প্রকল্পের সফল বাস্তবায়নে দক্ষ ও দায়িত্বশীল টিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন। এ সময় তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রকল্পে কর্মরত সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী ওরিয়েন্টেশনে বিভিন্ন উপজেলার টিম সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ট্রেড বিষয়ে নিজেদের মতামত ও কাজের অভিজ্ঞতা সম্পর্কে লিখিতভাবে তুলে ধরেন।

আয়োজকদের প্রত্যাশা, এই ওরিয়েন্টেশনের মাধ্যমে টিম সদস্যদের মধ্যে প্রকল্প সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হবে এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও সুন্দর ও সফলভাবে বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন করিমগঞ্জ উপজেলা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার তৌকির ইসলাম তন্ময়।