
নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:
একজন ব্যক্তিকে সুপ্ত সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে তাকে শৈল্পিক, আত্মবিশ্বাসী ও সুবক্তা হিসেবে গড়ে তোলা এবং নিজস্ব সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ সৃষ্টির জন্য এ সংক্রান্ত প্রশিক্ষণের বিকল্প নেই।
এমন ভাবনাচিত্তকে ধারণ করে কিশোরগঞ্জে আজ (৬ জুন) শুক্রবার থেকে উদীচী জেলা সংসদের উদ্যোগে এক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
‘সোচ্চার হই এসো তাল-লয় ছন্দ, সুর-স্বরে দূর করি সব মন্দ’ এ স্লোগান নিয়ে বিকেলে জেলা সিপিবি অফিসে সংগীত-দোতারা-তবলা-আবৃত্তি বিষয়ক এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্যজন আতাউর রহমান মিলন।
উদীচী কিশোরগঞ্জ জেলা সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় অতিথি শিল্পীরা জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন।
পরে উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক কবি বাবুল রেজার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান রুমি, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, জেলা উদীচীর সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মহিতোষ দাস, সদস্য একেএম সরফুদ্দিন খান রায়হান, দেবাশীষ ভৌমিক, সিপিবি করিমগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার, উদীচী তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শৈবাল কুমার পাল, সন্দীপন সাহিত্য আড্ডার সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম, ছড়াকার ও কথাসাহিত্যিক মুহাম্মদ শামীম রেজা প্রমুখ।
দ্বিতীয় পর্বে জেলা সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নবীন শিল্পীদের সূচনা ক্লাস শুরু করেন।
আপনার মতামত লিখুন :