Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় বক্তারা ‘সকলে মিলে চেষ্টা করলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন /
কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় বক্তারা ‘সকলে মিলে চেষ্টা করলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব

’নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:

দুর্নীতিমুক্ত থাকার জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে। মানুষ যেন পরিপূর্ণ সেবা পায়। নিজের দায়িত্ব সম্পর্কে জানতে হবে। অনেক সময় অ্যাকশন না নেওয়ার কারণে দুর্নীতি ছড়িয়ে পড়ে। সকলে মিলে চেষ্টা করলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে।
আজ (৯ ডিসেম্বর) মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এর আগে সকালে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে নানা শ্রেণি পেশার অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা সিভিল সার্জন ডাঃ অভিজিত শর্মা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাবিয়া আক্তার প্রমুখ।
এ সময় জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন ভূঞাসহ অন্যান্য কর্মকর্তা ও দুপ্রক জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতি রোধে শুধু উপদেশ নয়, কার্যকর শাস্তি, স্বচ্ছতা ও জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমাজকে দুর্নীতিবাজদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে হবে এবং তথ্য শেয়ারিং বাড়াতে হবে। তাহলেই দুর্নীতি কমিয়ে আনা সম্ভবপর হবে।