
মাজহার মান্না, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আজ (২৫ জুলাই) মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র আয়োজনে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতিবিরোধী এই বিতর্ক প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামাজিক আন্দোলনের সাবলীল ও তথ্যভিত্তিক নানা যুক্তি উপস্থাপন করে। পরে চূড়ান্ত পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন, কিশোরগঞ্জের সহকারি পরিচালক ইসতেহাদ আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ভূঞা প্রমুখ।
এ সময় জেলা দুর্নীতি দমন কমিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ ছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয়েছে জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিতর্কে বিচারক প্যানেলে ছিলেন যথাক্রমে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক আল আমিন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কার্তিক সূত্রধর ও সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বদরুজ্জামান তালুকদার। এছাড়া টাইম কিপার-সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জিয়াউর রহমান।
আপনার মতামত লিখুন :