
নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:
নরসুন্দা নদীর দখল-দূষণ ও পানিপ্রবাহ ফিরিয়ে দেওয়ার দাবিতে কিশোরগঞ্জে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ মার্চ) শনিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
জেলা বাপার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন অসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, জেলা নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি ফিরোউদ্দিন ভূঞা, সাংবাদিক ও কর আইনীজী মাজহার মান্না, প্রকৌশলী কামরুল হাসান বাদল, নারীনেত্রী চন্দ্রা সরকার, জেলা বেসরকারি গণগ্রন্থাগারের সভাপতি রুহুল আমিন, সাংবাদিক ফারুকুজ্জামান, মঞ্জুরুল হক মঞ্জু, সমাজকর্মী লুৎফুল কবির, মীর জাহান ভূঞা, খন্দকার আনোয়ারসহ পরিবেশ আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইতিহাস-ঐতিহ্যে ও জীবনের অংশ এককালের খরস্রোতা নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনার দীর্ঘদিনের দাবি। সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে বিশ্ব নদী কৃত্য দিবসে কিশোরগঞ্জের দলমত নির্বিশেষে সবার এমনটিই প্রত্যাশা।
আপনার মতামত লিখুন :