
মাজহার মান্না, কিশোরগঞ্জ:
যুব কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ বলেছেন, তরুণ জনগোষ্ঠীকে সাধারণ শিক্ষার পরিবর্তে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে উঠতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি দেশের তরুণ-তরুণীদের কর্মমুখী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ সহকারী আজ (১ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন কর্তৃক ইয়ুথ লিড ইনোভেশন ল্যাব শীর্ষক সমাপনী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার পরিবেশ দূষণ ও বাল্যবিবাহ রোধসহ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের স্বপ্নিল বিভিন্ন আইডিয়া পাঁচ সদস্যের (নারী-পুরুষ) ইয়ুথ গ্রুপের সদস্যরা তাদের পিচওয়ার্ক উপস্থাপনের মাধ্যমে তুলে ধরেন। চূড়ান্ত পর্বে গ্রীনেষ্ট, পুতির কারুকাজ, কাঁকন, পিচওয়ার্ক ও হাওর হেরিজন নামে পাঁচটি টিম অংশ নেয়।
প্রত্যেক টিমের ইয়ুথ সদস্যরা তাদের উদ্বাবনী পাদুকাশিল্পের অব্যবহৃত অংশ দিয়ে জুয়েলারি, পরিত্যক্ত কলাগাছের কারুশিল্প ও নগরায়ন দূষণরোধে সবুজয়ায়ন উপস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ের ওপর নানা সমস্যা ও সমাধানের যুক্তিতর্ক তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ বিভিন্ন ইয়ুথ গ্রুপের পিচওয়ার্কগুলো অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মধ্যে সনদপত্রসহ ইয়েস কার্ড বিতরণ করেন।
কিশোরগঞ্জের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সেভ দ্য চিলড্রেন’র ডেপুটি কাট্রি ডিরেক্টর এএসএম রহমত উল্লাহ ভূঞা।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন দ্য আর্থ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসাইন। এছাড়া সংস্থার সার্বিক কার্যক্রম তুলে ধরেন সেভ দ্য চিলড্রেন’র সেক্টর লিড নিশাত আফরোজ মির্জা। আইডিয়া উপস্থাপনা করেন সেভ দ্য চিলড্রেন’র তারিন আফরিন ও শরিফুল ইসলাম ভূঁইয়া। বাজার প্রদর্শন বা পণ্যের প্রদর্শনী উপস্থাপনা করেন সেভ দ্য চিলড্রেন’র সিনিয়র ম্যানেজার মোঃ ওবায়দুল হক।
সমগ্র অনুষ্ঠানমালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেভ দ্য চিলড্রেন’র কিশোরগঞ্জের স্কীলস বিল্ডিং অফিসার মোঃ মামুনুর রশিদ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউথ গ্রুপের সদস্যরা বিভিন্ন পারফরমেন্স পরিবেশন করেন।
আয়োজকরা জানান, বর্তমানে যারা শিক্ষায়, প্রশিক্ষণে ও কর্মে নেই সেইসব ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করে সমাজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এই আইডিয়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্যে। আজ চূড়ান্তপর্বে বিচারক প্যানেলের রায়ে পুতির কারুকাজ টিম প্রথম, কাঁকন টিম দ্বিতীয় ও হাওর হেরিজন টিম তৃতীয় অর্জন করে। বিজয়ী এসব টিম আসছে নভেম্বরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :