Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে বসতঘরের দরজা-জানালা খুলে লুটপাট করে নিল দুর্বৃত্তরা


admin প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন /
কিশোরগঞ্জে বসতঘরের দরজা-জানালা খুলে লুটপাট করে নিল দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল নয়াপাড়াস্থ একটি বসতঘরের দরজা-জানালা খুলে লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে দিনের আলোয় এভাবে লুটপাটের ঘটনায় থানা অভিযোগ দিলেও এ বিষয়ে এখনো কোন অগ্রতি না দেখে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীন ভুগছেন বলে জানা গেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা জজকোর্টের প্রয়াত আইনজীবী মোশারফ হোসেন খান গাইটাল মুরাদ পেট্টোল পাম্পের পেছনে ১২ শতাংশ ক্রয়কৃত ভূমিতে দুইটি হাফ বিল্ডিং বসতঘর নির্মাণ করে তাঁর জীবদ্দশায় সপরিবারে বসবাস করছিলেন। কিন্তু তিনি কয়েক বছর আগে মারা গেলে তাঁর স্ত্রী নারী উদ্যোক্তা মোছাঃ নাহার খান সন্তানদের নিয়ে পড়াশুনা ও নিজের কাজের সুবিধার্থে গত ক’বছর ধরে আলোর মেলাস্থ ভাড়া বাসায় থাকা শুরু করেন।

ভুক্তভোগী নারী উদ্যোক্তা মোছাঃ নাহার খান জানান, গাইটাল নয়াপাড়ায় স্বামীর রেখে যাওয়া নিজ বাসায় না থাকায় কিছুদিন ভাড়া দিলেও গত একবছর ধরে বাসাটি তালাবদ্ধ অবস্থায় থাকে। আমরা মাঝে মধ্যে ওই বাসাটি গিয়ে দেখে আসি। এ সুযোগে গত ১৬ জুন বিকেলে কোন এক সময় খালি বাসায় দুর্বৃত্তরা প্রবেশ করে বাসার ১০টি লোহার স্টিলের দরজা ও ১০টি জানালা, দুইটি কাঠের খাট, দুইটি সোফা, দুইটি সাব-মার্সিবল জলমটর, দুইটি পানির ট্যাংকি, বিদ্যুতের ওয়ারিংয়ের তার খুলে নেয়াসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এতে সর্বমোট দুই লক্ষ বাহাত্তর হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

তিনি আরও জানান, বাসা থেকে দূরে অবস্থান করায় এভাবে বসতঘরের দরজা-জানালা খুলে সবকিছু লুটপাট করে নিবে-এমনটি কল্পনাও করিনি। স্বামীর রেখে যাওয়া অনেক কিছু দুর্বৃত্তরা নিয়ে যাওয়ায় কষ্ট পাচ্ছি।

ঘটনাটি লোক মারফত জেনে বাসায় গিয়ে কিছুই পাইনি। পরে এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু এ বিষয়ে পুলিশের কোন অগ্রতি লক্ষ্য করছি না।
এদিকে অভিযোগটি কিশোরগঞ্জ মডেল থানায় দেয়া হলে পুলিশ এ বিষয়ে কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত: সম্প্রতি কিশোরগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় চুরি-ছিনতাই ও রাহাজানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব প্রতিরোধে পুলিশের কার্যকর ভুমিকা প্রত্যাশা করছেন শহরের সচেতন মহল।