
নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধে মশকনিধনে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (১৪ মার্চ) শনিবার সকালে শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন নরসুন্দা নদীঘাটে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে এ সময় জেলা পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম এমপি বলেন, এখন থেকে প্রতি শনিবার কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। এ সময় তিনি কিশোরগঞ্জের প্রাণ নরসুন্দা নদীর ঐতিহ্য এবং সৌন্দর্য ফিরিয়ে আনতে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ক্যাম্পেইনের আওতায় এডিস মশার বিস্তাররোধে নরসুন্দা নদের দুইতীরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কারসহ ফগার মেশিনে মশকনিধন ওষুধ প্রয়োগ করা হবে। পাশাপাশি পৌরবাসীকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পরিস্কার পানি অপসারণে উদ্বুদ্ধ করা হবে।
আপনার মতামত লিখুন :