
‘নৈতিক-মানবিক মূল্যবোধ ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’
নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ মাইনউদ্দিন বলেছেন, নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রতের মাধ্যমে একটি আলোকিত ও উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। এ জন্য তারা শুধু জ্ঞান বিতরণের কারিগর নন, বরং আধুনিক ও পদ্ধতিগত পাঠদান, শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সহায়তা, প্রযুক্তি ব্যবহার এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করেন। কিন্তু সরকার তাদের যথাযথ মূল্যায়ন করেন না। বরং অনেক ক্ষেত্রে বিমাতাসূলভ আচরণ করে হত্যাশ করেন। আজ (২৭ ডিসেম্বর) কিশোরগঞ্জে বাবেশিকফো জেলা কমিটি আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়ন, প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মাজহারুল আলম ভূঞার সভাপতিত্বে গুরুদয়াল সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সদস্য সদস্য প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন বাবেশিকফো’র কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাবেশিকফো’র কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব জহিরুল ইসলাম, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফায়েল সরকার ও কেন্দ্রীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক এস.এম ফরিদউদ্দিন।
অবসর গ্রহণের পর শিক্ষক-কর্মচারীরা পাওনা বুঝে পেতে হয়রানি প্রসঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনউদ্দিন বলেন, অবসরে ৬০-৬৫ হাজার এবং কল্যাণ ট্রাস্টে ৪৫-৫০ হাজার অবসরপ্রাপ্তদের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ জন্য প্রয়োজন প্রায় ১০ হাজার কোটি টাকা। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেশকিছু বৈষম্যের অবসান করা সম্ভব হবে। এ লক্ষ্যে ফোরামের পক্ষ থেকে অবসরপ্রাপ্তদের টাকা নিষ্পত্তিসহ বিভিন্ন দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারণীদের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। আশা করি সরকার আগামী বাজেটের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের সমস্যা সমাধানে কল্যাণকর ভূমিকা রাখবে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম-জেলা কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল মজিদ ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফোরামের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হমায়ুন কবীর, সাবেক সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে আগত ফোরামের সভাপতি-সম্পাদকগণ বক্তব্যে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনয়ন খুবই জরুরি। এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তা পুরোপুরি দূরীকরণ সম্ভব। এ জন্য প্রধান শিক্ষক ৬ষ্ঠ গ্রেডে ও সহকারী প্রধান শিক্ষক ৭ম গ্রেডে উন্নীতকরণসহ নানা বৈষম্য দূরীকরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আপনার মতামত লিখুন :