
নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি সমর্থিত এবং বাকি পদে কিশোরগঞ্জ আইনজীবী সমন্বয় পরিষদ আওয়ামী লীগ সমর্থিতরা বিজয়ী হয়েছেন।
৩ মার্চ-বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বার সমিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে এদিন রাতে নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইদ্রিস মিয়া স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিজানুর রহমান এবং একই প্যানেলের আমিনুল ইসলাম রতন ৬ষ্ঠ বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন-সহসভাপতি এ এম ছাজ্জাদুল হক এবং কার্যকরী সদস্য মোঃ আবু হানিফ, মোঃ সোহাগ মিয়া ও সোঃ সারোয়ার আলম।
এছাড়া বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে লাইব্রেরি সম্পাদক পদে আবু বাক্কার সিদ্দিক মিলন, অডিটর পদে আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল এবং সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম বিজয়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন-সহসভাপতি পদে মুফতি মোঃ জাকির খান, সহ-সাধারণ সম্পাদকের পদে সাজ্জাদুল হক ভূঁইয়া ও আবু সাইম এবং কার্যকরী সদস্য পদে রফিকুল ইসলাম ও কোরবান আলী।
এক বছর মেয়াদি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমিতির মোট ৫৮২ জন ভোটারের মধ্যে ৫২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আপনার মতামত লিখুন :