Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জ-১ আসনে সিপিবি প্রার্থী এডভোকেট এনামুল হকের মিছিল ও গণসংযোগ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন /
কিশোরগঞ্জ-১ আসনে সিপিবি প্রার্থী এডভোকেট এনামুল হকের মিছিল ও গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী এডভোকেট এম এনামুল হকের সমর্থনে মিছিল ও গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। আজ (৯ ডিসেম্বর) মঙ্গলবার সকালে জেলা শহরের একরামপুর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরানথানা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সিপিবি প্রার্থী এডভোকেট এম এনামুল হক সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তাছাড়া দলীয় প্রতীক ‘কাস্তে’ প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি কাস্তো মার্কায় ভোট চেয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথসভায় বক্তব্য রাখেন।

এডভোকেট এম এনামুল হক তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রকৃত গণতন্ত্র ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এখনো অসম্পূর্ণ রয়েছে। কৃষক–শ্রমিক–দিনমজুরের বাস্তব সমস্যাগুলো সমাধানে সিপিবি দীর্ঘদিন সংগ্রাম করে আসছে। কৃষক ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনমজুরের কর্মসংস্থান অনিশ্চিত। রিকশা ও অটোরিকশা শ্রমিক পুলিশি হয়রানির শিকার হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে আমি সংসদে শক্ত অবস্থান নিতে চাই। এ লক্ষ্যে আমি কাস্তে মার্কায় সবার সমর্থন ও ভোটারদের ভোট চাই।

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনেকল্পে উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা প্রসঙ্গে সিপিবি প্রার্থী এনামুল হক বলেন, অটোরিকশার সবুজ ও হলুদ রঙ ব্যবস্থা চালু করে প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ২টা এবং বেলা ২,টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচলের জন্য রাখা হবে।
এছাড়া সরকারি জমিতে অন্তত ১০ হাজার হকারের জন্য হকার্স মার্কেট নির্মাণ, নরসুন্দা নদীর নাব্যতা পুনরুদ্ধার, সকল ওয়ার্ডে সামাজিক কবরস্থান স্থাপন এবং কিশোরগঞ্জ–হোসেনপুরের হাসপাতাল ও প্রাথমিক-মাধ্যমোক বিদ্যালয়গুলোকে মডেল হিসেবে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।

কিশোরগঞ্জের মুক্তিযিদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণসহ মেহনতি মানুষের রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করে এডভোকেট এনামুল হক আরও বলেন, তিনি নির্বাচিত হলে এসব বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন উল্লেখ করে এ লক্ষ্য অর্জনে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে কাস্তে মার্কায় সমর্থন ও ভোট প্রার্থনা করেন।