Agaminews
Dr. Neem Hakim

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির গাড়িবহরে ফের হামলা


Ekattor News প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন /
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির গাড়িবহরে ফের হামলা

গোপালগঞ্জে দফায় দফায় হামলা-ভাঙচুরের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় আবারও হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর জেলা প্রশাসন গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে।

পুলিশ সূত্র জানিয়েছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা এই হামলার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন।

বর্তমানে গোপালগঞ্জজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আজ (বুধবার, ১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে কয়েক রাউন্ড বাবার বুলেট ও সাউন্ড ছুড়তে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবশেষ খবরে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।