
নিজস্ব সংবাদদাতা,রায়পুরা (নরসিংদী) :
নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে চাঁদা না দেওয়ায় তোফাজ্জল মিয়া নামের এক ব্যক্তির গোয়ালঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে তিনটি গরু, ছয়টি হাঁস-মুরগি, দুটি পানির মোটর, একটি মেশিনসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।রোববার দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের বাটতলী বাটাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।
ঘটনায় জড়িত সন্দেহজনকভাবে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি৷
সোমবার ঘটনাস্থলে গেলে তোফাজ্জল মিয়ার স্ত্রী মোসলেমা বেগম জানান, দুই দিন আগে অভিযুক্তরা তাদের কাছে ১১ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। টাকা না দেওয়ায় রোববার রাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে তার ৩০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার উপপরিদর্শক দেবাশীষ ও অন্যান্য পুলিশ সদস্যরা। এসময় তিনি সাংবাদিকদের বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল এসে আগুনে পোড়া অবস্থায় দুইটি গাভী, একটি ষাড় গরু, হাঁসসহ অন্যান্য আগুনে পোড়া ঘর দেখতে পাই। তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, প্রশাসনের লোকজনও এসেছে। তারা তিনজনকে আটক করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থরা আমাদের সমর্থক। আমাদের দুর্নাম করার জন্য বড় অংকের টাকার বিনিময়ে এ ঘটনা ঘটানো হয়েছে এবং ঘটনাটিকে পরিকল্পিত ভাবে হয়েছে বলে দাবী করেন তিনি৷
আপনার মতামত লিখুন :