
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, গ্রামীণ ক্রীড়া উন্নয়নে, বিশেষ করে ফুটবলের উন্নয়নে আমাদের অনেক কাজ বাকি আছে। দীর্ঘদিন খেলাটা থমকে ছিলো। দীর্ঘদিন ধরে খেলায় নোংরা রাজনীতি ঢুকে গেছিলো। আমরা কোন উন্নয়ন দেখছিলাম না। আপনাদের সহযোগিতায় বিগত ১১ মাস আগে নতুন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি চেষ্টা করছে খেলাটা যেন মাঠে ফেরত আসে।
শুক্রবার সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় সভার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
এসময় তাবিথ আওয়াল আরও বলেন, আমি তরুণ সমাজের জন্য তাদের উন্নয়নে অবদান রাখতে চাই। আমি এ যাত্রায় ফুটবলকে বেছে নিয়েছি। ২০১২ সালে আমার ফুটবল যাত্রায় আওয়ামী লীগের আমলেও বাফুফের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সেখানেও চাঁপাইনবাবগঞ্জের ভোট ও সহযোগিতায় আমি বারবার নির্বাচিত হয়েছি।
বাফুফে সভাপতি বলেন, সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন, বাংলাদেশী ও প্রবাসীদের সহযোগিতায় ভালো লড়াই করছে এএফসি লেবেলে। এমনকি নারীরা এএফসি কোয়ালিফাই করে ফেলেছে। এরপরেও কিছু জায়গায় আমরা পিছিয়ে আছি। আমরা দেখেছি পুরো বাংলাদেশে ডিএসএ’র কমিটিগুলোও আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। আমরা চেষ্টা করছি দ্রুত একটা নির্বাচিত কমিটিতে যাওয়ার জন্য। তার আগে একটি আহ্বায়ক কমিটি দিতে হবে। এই কমিটিতে আমরা চেষ্টা করছি, শুধুমাত্র খেলোয়াড় সংগঠক, সাবেক খেলোয়াড়, রেফারি, কোচ এবং ক্লাব চালায় এমন লোকজনদের রাখতে। এই মুহুর্তে আমরা কারো ধর্ম, জাত, রাজনৈতিক পরিচয় দেখতে চাই না।
তাবিথ আওয়াল আরও বলেন, আহ্বায়ক কমিটি গঠনের আগেই যাতে জেলা পর্যায়ে কিছু ফান্ডের ব্যবস্থা করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। আমরা চাচ্ছি, মন্ত্রণালয়কে ব্যবহার করে জেলা প্রশাসন ও এলাকার ক্রীড়া সংস্থাকে ব্যবহার করে স্টেডিয়ামগুলোকে উন্নয়ন করার। আমরা উপর আস্থা রাখেন, আমরা শীগগিরই আহ্বায়ক কমিটি গঠন করে আর্থিক সংস্থানের ব্যবস্থা করে দিব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, পরিচালক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ সায়েম, কোষাধ্যক্ষ বদিউজ্জামাল বুধু, নির্বাহী সদস্য তোফিজুল রহমান পুতুল, অহিদুল ইসলামসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :