Agaminews
Dr. Neem Hakim

‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে চান না ড. ইউনূস : প্রেস সচিব


admin প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন /
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে চান না ড. ইউনূস : প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হোক এমনটি তিনি চান না বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন “জাতীয় সংস্কারক” ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে।

এতে আরও বলা হয়েছে, সরকার স্পষ্ট করে বলতে চায় যে অধ্যাপক ইউনূসকে “জাতীয় সংস্কারক” ঘোষণা করার ইচ্ছা নেই এবং সরকার অধ্যাপক ইউনূসকে এই ধরণের কোনও উপাধি দেওয়ার পরিকল্পনাও করে না।

বিবৃতিতে বলা হয়েছে, রিট আবেদনকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে এবং কী ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টির সমাধান করবে।