Agaminews
Dr. Neem Hakim

টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৩আটক, ভিকটিম উদ্ধার  


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন /
টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৩আটক, ভিকটিম উদ্ধার   

একাত্তর নিউজ ডেক্স:

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় অঞ্চলের গহিন পাহাড়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটক করেছে । এসময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটকিয়ে রাখা নারী-পুরুষ ও শিশুসহ মোট সাতজন ভিকটিমকে উদ্ধার করা হয়। আটকরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার আবদুর রহমান (৩২), হামিদ হোসেন (২৮) ও বড় ডেইল এলাকার হেলাল উদ্দীন (৩০)। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় টেকনাফের কোস্টগার্ড স্টেশন কেরনতলীতে এক প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন,তসলিমা (২৫), মো. সোহাইল (৪), হোসেনা বিবি (৫), হাসনা (১৮), শাহিদা (১৯), বশির আহমেদ (২৬) এবং উখিয়ার ইনানী জালিয়াপালং এলাকার নুর মোহাম্মদ (৪০)।

কোস্টগার্ড জানায়, পূর্বে আটক পাচারকারীদের তথ্য ও গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজনকে গহিন পাহাড়ে আটক রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন পাহাড়ি অঞ্চলে কোস্টগার্ডের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাচারের জন্য বন্দি রাখা ভিকটিমদের উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ভিকটিমরা জানান, সংঘবদ্ধ পাচারচক্র উন্নত জীবনের লোভ দেখিয়ে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে তাদের আটক করে রেখেছিল। পাশাপাশি ভয়-ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।

কোস্টগার্ড জানায়, উদ্ধার ভিকটিম, জব্দ অস্ত্র ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার দমনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।