Agaminews
Dr. Neem Hakim

ডেমরায় ডিএসসিসির ময়লাবাহী গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত: গ্রেফতারকৃত চালক কারাগারে


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন /
ডেমরায় ডিএসসিসির ময়লাবাহী গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত: গ্রেফতারকৃত চালক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ডেমরা (ঢাকা) :

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ির চালক মো. রফিকুল ইসলাম রফিক (৫০)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিকেলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় নিহত তাহসিন ইসলাম তপুর চাচা মো. মেহেদী হাসান ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রফিক কুমিল্লা জেলার মেঘনা থানার গোবিন্দপুর গ্রামের আবেদ আলী বেপারীর ছেলে এবং বর্তমানে রাজধানীর মতিঝিল থানাধীন আর কে মিশন রোডের ৯৭/২ গোপীবাগ এলাকায় বসবাস করেন। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ডেমরা থানাধীন ধার্মিকপাড়া এলাকার মিনি কক্সবাজার-এর দক্ষিণ পাশে পাকা সড়কে।

মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের একজন আই.ইউ.বি-এর শিক্ষার্থী তাহসিন ইসলাম তপু (২২)। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ছোট কিনাচর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। অপর নিহত ইউআইইউ-এর শিক্ষার্থী গাজী ইরাম রিদওয়ান (২৪)। তিনি নারায়নগঞ্জ জেলার নারায়নগঞ্জ সদর থানার মিজমিজি খদ্দঘোষপাড়া কান্দাপাড়া গ্রামের জিএম হাবিব উল্লাহর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বন্ধুর বড় ভাইয়ের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি (ঢাকা মেট্রো-শ-১৪-০৫৭৪) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাহসিন ইসলাম তপুকে মৃত ঘোষণা করেন। অপরজন গাজী ইরাম রিদওয়ান চিকিৎসাধীন অবস্থায় সকাল ৫টা ৩৫ মিনিটে মারা যান। দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ময়লাবাহী গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে।

এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন (পিপিএম) বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার পরে মামলা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করেছি। পরে আদালত তাকে শনিবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।