
নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা:
রাজধানীর ডেমরায় কোনাপাড়া থেকে ফার্মের মোড় সড়কের দু’পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পুলিশ। সোমবার ডেমরা জোনের এসি পেট্রল মো. নুর হোসেনের নেতৃত্বে এবং থানা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই অভিযানে সড়কের দু’পাশের অন্তত ৪ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহল কোনাপাড়া-ফার্মের মোড় সড়কের দু’পাশ দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছিল। এতে সড়কে যানজট ও জনচলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়। পাশাপাশি সড়ক-সংলগ্ন অভ্যন্তরীণ খালের দু’পাশও দখল করে দোকানের আবর্জনায় খাল ভরাট করা হচ্ছিল, যার ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। পুলিশের এই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, জনগণের প্রত্যাশা ও সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়েছে। খালের নাব্যতা রক্ষা ও সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :