Agaminews
Dr. Neem Hakim

ডেমরায় প্রবাসী নারীর ৩০ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার


admin প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ১০:১২ অপরাহ্ন /
ডেমরায় প্রবাসী নারীর ৩০ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা:

রাজধানীর ডেমরার পশ্চিম হাজিনগরে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে ইতালি প্রবাসী এক নারীর কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গ্রেফতারকৃত আবুল হোসেন(৫৫) ডেমরার পশ্চিম হাজীনগর এলাকার স্থায়ী বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা বলে জানিয়েছেন পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ফেরদৌসি আক্তারের জা (স্বামীর বড় ভাইয়ের স্ত্রী) মোছা. শরিফা আক্তার ডেমরা থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলো- মোছা. হাজারা বেগম (৩৬), মো. লিটন আলী (৪০), মো. মমিনুল হক (৫০) ও মো. জীবন হোসেন (৩০)। তারা সবাই পলাতক রয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ২৮ অক্টোবর ওই প্রতারক চক্র জমি বিক্রির কথা বলে প্রবাসী নারীর কাছ থেকে বায়না হিসেবে ৩০ লাখ টাকা গ্রহণ করে। এ সময় তারা নির্ধারিত সময়ের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া ও নামজারি সম্পন্ন করার আশ্বাস দেয়। তবে পরবর্তীতে জমি বুঝে নিতে চাইলে অভিযুক্তরা নানা অজুহাতে টালবাহানা শুরু করে। একপর্যায়ে তারা জমি বিক্রি করবে না বলে জানিয়ে দেয় এবং টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। পরে টাকা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। এরপর ২০২৫ সালের ২০ জুলাই দেশে অবস্থানরত ওই প্রবাসী নারীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে শুরু করে প্রতারক চক্র।

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে, যেখানে টাকা লেনদেনের সময় গ্রেফতারকৃত আসামির উপস্থিতি স্পষ্টভাবে দেখা যায়। ভিডিওটি ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে তিনি জানান।