Agaminews
Dr. Neem Hakim

ডেমরায় ডিএসসিসির ময়লার গাড়ির সাথে সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন /
ডেমরায় ডিএসসিসির ময়লার গাড়ির সাথে সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে মিনি কক্সবাজার রোডের ধার্মিকপাড়া এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন—আই.ইউ.বি-এর শিক্ষার্থী তাহসিন তপু (২৫) এবং ইউআইইউ-এর শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। নিহত তাহসিন ডেমরার সানারপাড়া এলাকার বাবুলের ছেলে ও ইরাম হৃদয়ের বাসা সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগংরোড এলাকার বলে জানা গেছে।
ডেমরা থানার এসআই মো. রুবেল হাওলাদার জানান, সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। তাদের বন্ধুরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রথমে তাহসিনকে ভোর পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টায় ইরাম হৃদয়ের মৃত্যু হয়। বর্তমানে দুই মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ডিএসসিসির ময়লার গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের বন্ধু ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী তাওসিফ জানান, সিয়াম নামে এলাকার এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা ডেমরার ধার্মিকপাড়া মিনি কক্সবাজার রোডে চা খাচ্ছিলেন। এসময় তাহসিন তপু ও ইরাম হৃদয় মোটরসাইকেলে সামনে এগোতেই হঠাৎ জোরে সংঘর্ষের শব্দ শোনা যায়। বন্ধুরা দৌড়ে গিয়ে দেখেন, ডিএসসিসির ময়লার গাড়ির নিচে তাদের মোটরসাইকেল আটকে রয়েছে এবং দু’জন আরোহী ছিটকে পড়ে গুরুতর অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহতের বন্ধুদের অভিযোগ, মিনি কক্সবাজার রোডে চলাচলকারী ডিএসসিসির ময়লার গাড়ির বেশিরভাগ চালকই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান। রাতে তারা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নিয়ম-নীতি তোয়াক্কা করেন না, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।