
নিজস্ব সংবাদদাতা, ডেমরা( ঢাকা):
রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম চৌধুরীর বাড়িতে ভোররাতে গুলি ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ডেমরা থানা পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে সারুলিয়া রানীমহল সিনেমা হলের পেছনে সেলিম চৌধুরীর নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের দাবি, চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ৭ থেকে ৮ জনের একটি দল বাড়ির সামনে এসে হামলা চালায়। এ সময় গুলির শব্দে বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায়।

সেলিম চৌধুরীর বড় ভাই শাহিন চৌধুরী বলেন, ভোর ৪টার দিকে বিকট শব্দে আমার মায়ের রুমের থাই গ্লাস ভাঙার শব্দ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি জানালার কাচ ভেঙে পড়ে আছে। পরে বারান্দায় গিয়ে রাস্তার ওপর চারটি মোটরসাইকেলে হেলমেট পরা ৭ থেকে ৮ জনকে দেখতে পাই। তাদের দেখে আমি চিৎকার-চেঁচামেচি করে আশপাশের বাড়ির লোকজনকে এগিয়ে আসার জন্য ডাক দিলে তারা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সেলিম চৌধুরীর দাবি, ডেমরা থেকে মাদক নির্মূলে তার সক্রিয় ভূমিকার কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মাদক কারবারিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা এবং প্রকাশ্যে মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই তিনি হুমকির মুখে ছিলেন। তিনি আরও বলেন, রাতের অন্ধকারে বাড়িতে গুলি করে, সন্ত্রাসী হামলা চালিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যেভাবেই হোক ডেমরায় মাদক কারবারীদের ঠাঁই হবে না। এ ঘটনায় ডেমরা থানা পুলিশের আরও জোরালো ভূমিকা কামনা করেছেন তিনি।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাইফুর রহমান মির্জা বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ডেমরায় মাদকের কোনো আস্তানা থাকবে না। সকলের সহযোগিতায় ডেমরা থেকে মাদক নির্মূল করা হবে। এ ঘটনায় পুলিশের বিশেষ টিম কাজ করছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক ও উৎকণ্ঠা।
আপনার মতামত লিখুন :