নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা :
রাজধানীর ডেমরার মহাকাশ রোড এলাকায় নকল সার ও কীটনাশক তৈরির একটি অবৈধ কারখানায় সেনাবাহিনীর অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। এ সময় কারখানার ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো– সোহেল রানা (২২), আনোয়ার হোসেন (৩২) ও হৃদয় আহম্মেদ (২৩)। বুধবার দিবাগত রাতে তাদের ডেমরা থানায় হস্তান্তর করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, বুধবার রাতে রাজধানীর ডেমরার মহাকাশ রোড এলাকায় ডেমরা জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল নকল সার ও কীটনাশক তৈরির ওই কারখানায় অভিযান চালায়। এ সময় দেশি–বিদেশি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে আর্জেন্টিনা ও চীনে উৎপাদিত লেখা ব্যবহার করে নকল সার ও কীটনাশক তৈরির প্রমাণ মেলে।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, কারখানাটিতে নকল লেবেল লাগিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক উৎপাদন করা হচ্ছিল। এগুলো ব্যবহার করে কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন, ফসল নষ্ট হচ্ছে এবং জমির উর্বরতা কমে যাচ্ছে, যা দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলেও তিনি জানান।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত সব মালামাল আইনগত প্রক্রিয়ায় রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :