Agaminews
Dr. Neem Hakim

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বিএনপির নির্বাচনী গণমিছিল


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৮:২১ অপরাহ্ন /
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বিএনপির নির্বাচনী গণমিছিল

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক স্লোগানকে ধারণ করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে বিএনপির নির্বাচনী গণমিছিল। শনিবার বিকালে ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী-র পক্ষে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড থেকে শুরু হওয়া এ মিছিল অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে রূপ নেয়। মিছিলটি মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল এলাকায় গিয়ে শেষ হয়।

ডেমরা থানা বিএনপির সভাপতি এস. এম. রেজা চৌধুরী সেলিম এবং যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি জামশেদুল আলম শ্যামল-এর নেতৃত্বে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান এবং যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া। এছাড়া ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার (আংশিক) বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামিল হন মিছিলে।

গণমিছিল শুরুর আগে প্রার্থী নবীউল্লাহ নবী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি দেশবাসীর কাছেও বিশেষ দোয়া প্রার্থনা করেন।

নবীউল্লাহ নবী তার বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী আজ গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের শান্তি বিনষ্টের পাঁয়তারা করছে, তবে তা কোনোভাবেই সফল হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার অবদান জাতি কখনো ভুলবে না। অস্থিতিশীল বাংলাদেশকে সঠিক পথে ফেরাতে তারেক রহমানের বিকল্প নেই। তিনি আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।