Agaminews
Dr. Neem Hakim

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ


admin প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন /
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিজনেস ফাইল প্রতিবেদক
শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এ ধর্মঘটে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পুলিশ জানায়, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে সংঘর্ষের শিকার হন। নিজের পরিচয় জুলাইযোদ্ধা হিসেবে জানানোর পরও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করেন এবং বাস থেকে নামিয়ে দেন।

এরপর রাত ৯টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে ইউনাইটেড সার্ভিসের কাউন্টার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে পুলিশ।

এই ঘটনার জেরে শনিবার বেলা ১১টা থেকে পরিবহন শ্রমিকরা বাইপাসে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস সেখানে আটকা পড়ে। ঢাকা থেকে একই চার জেলাগামী গাড়িও বাইপাসে আটকা পড়ে, ফলে দীর্ঘ জটের সৃষ্টি হয়। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন; কেউ কেউ বাস থেকে নেমে নিজ উদ্যোগে গন্তব্যের পথে রওনা হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন, দোষীদের বিচারসহ জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার করতে হবে এবং তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব (১৬টি) বাস বন্ধ রাখা হবে। অপরদিকে পরিবহন শ্রমিকরা দাবি করেন, আটক শ্রমিককে মুক্তি দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিকাল সাড়ে ৪টায় আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হয়, আমিনুল হক শামীমের ১৬টি বাস বন্ধ থাকবে। এর পর ছাত্র আন্দোলনের নেতারা বাস কাউন্টার থেকে সরে যান, এবং পরিবহন শ্রমিকরাও অবরোধ তুলে নেন। বাসগুলো গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

পরবর্তীতে ইউনাইটেড পরিবহনের ময়মনসিংহ কাউন্টার ঢাকায় মহাখালীর সঙ্গে যোগাযোগ করে এবং ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস না চালানোর সিদ্ধান্ত আসে। ফলে বিভাগের চার জেলা থেকে রোববারও ঢাকাগামী সব বাস বন্ধ রয়েছে।