
নিজস্ব সংবাদদাতা, ডেমরা (ঢাকা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডেমরা-যাত্রাবাড়ী (ঢাকা-৫) আসনে রবিবার(২১ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বিএনপির সম্ভাব্য প্রার্থী নবী উল্লাহ নবীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফেরদৌস হোসেন রনি। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্বাচনী কর্মকর্তা (সবুজবাগ) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. ইউসুফ উর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরমটি সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. সুমন আহম্মেদ মনা, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উদদৌলা, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর কামাল হাসান তাপস, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী হযরত আলী, যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এহতাশেম নাকিব, তারিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ এ সময় বলেন, নবী উল্লাহ নবী ডেমরা-যাত্রাবাড়ী এলাকার একজন পরিচিত, সৎ ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলে তিনি ঢাকা-৫ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :