Agaminews
Dr. Neem Hakim

দলের যখন দুঃখ-দুর্দশা তখন কাজ করেছি: গিয়াসউদ্দিন


Ekattor News প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন /
দলের যখন দুঃখ-দুর্দশা তখন কাজ করেছি: গিয়াসউদ্দিন

একাত্তর নিউজ ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, দেশের কল্যাণে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করেছি। আজো সেই যুদ্ধ করেই যাচ্ছি। আমার জীবনটাই সংগ্রামের। আমি স্বাভাবিকভাবে কোন বিজয় পাইনি। স্বাভাবিকভাবে কোন সুখ ভোগ করতে পারিনি। দলের যখন দুঃখ-দুর্দশা তখন কাজ করেছি। সুদিনে আমি কোন সুযোগ ভোগ করতে পারিনি জীবনেও। তবুও আফসোসও নেই, আক্ষেপও নেই। বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্র্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ফতুল্লা থানা বিএনপি ও তার সংগঠনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় হিরাঝিল কনভেনশন সেন্টারে আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শুক্রবার দুপুরে তিনি এ সব কথা বলেন। মুহাম্মদ গিয়াসউদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলাম, সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল,  ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি কবীর প্রধান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতন ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমনসহ নেতাকর্মী।

গিয়াসউদ্দিন বলেন, আমি জগণের সাথে কোন দিন কোন প্রতারণা করব না। অন্যায় কাজে কোন দিন জড়িত হবো না। নির্বাচনী এলাকায় (নারায়ণগঞ্জ-৪ আসনে) যারা অন্যায়কারী, যারা চাঁদাবাজ, যারা দখলবাজ, যারা অত্যাচারী, যারা দুর্নীতির সাথে জড়িত ইনশাল্লাহ তাদের কাউকে ছাড়ব না। এই মেসেজটি সবাইকে দিয়ে দিবেন। বিশেষ করে ফতুল্লার মানুষকে জানিয়ে দিবেন গিয়াসউদ্দিন কোন দিন আল্লাহ ছাড়া কারো সাথে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় না। ওইখানে (ফতুল্লায়) যারা সন্ত্রাসী আছে, যাদের ভয়ে আজকে মানুষ প্রকম্পিত। ওদেরকে ওইখানে শান্তিতে থাকতে দেয়া হবে। সেখানে শুধু ভালো মানুষ থাকবে। মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ম্যাডাম খালেদা জিয়াই আমাকে এই দলে (বিএনপিতে) এনেছিল। যেদিন ম্যাডাম খালেদা জিয়া এ দুনিয়া থেকে বিদায় নিলেন সেইদিনই এ দল আমাকে ছেড়ে দিল। এটাও একটা স্মৃতি, একটা ইতিহাস।