Agaminews
Dr. Neem Hakim

দীর্ঘ প্রতীক্ষার পর ডেমরা সেতুর সংস্কার শুরু। স্বস্তিতে ফিরছে ৩০ রুটের যাত্রী


Ekattor News প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন /
দীর্ঘ প্রতীক্ষার পর ডেমরা সেতুর সংস্কার শুরু। স্বস্তিতে ফিরছে ৩০ রুটের যাত্রী

মো আসাদুল্লাহ ডেমরা, ঢাকা :

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শীতলক্ষ্যা নদীর ওপর অবস্থিত ডেমরা সেতুর অ্যাক্সপানশন জয়েন্ট রাবারসহ সার্বিক সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সেতুটিতে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম চালাচ্ছে। পর্যবেক্ষণ ও পরীক্ষা–নিরীক্ষার ভিত্তিতে চিহ্নিত সব ক্ষতিগ্রস্ত অংশ আগামী ২৬ নভেম্বরের মধ্যে মেরামত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। কাজ শেষ হলে এ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করা অন্তত ৩০টি রুটের চালক–যাত্রীরা বহুদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন, কমবে দুর্ঘটনার ঝুঁকিও।

সরেজমিন দেখা গেছে, শনিবার সকাল থেকেই সওজ–এর প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত রাবার পুনঃস্থাপন, জয়েন্টের নাট–বোল্ট পরিবর্তন, কংক্রিট ঢালাই ভেঙ্গে নতুন করে করা এবং সেতুর নষ্ট বাতি মেরামতের কাজ দ্রুতগতিতে শুরু করেছেন। সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন করে প্রকৌশল বিধি মেনে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে সেতুর মুভমেন্ট বা অ্যাক্সপানশন জয়েন্টগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। ২৪টি জয়েন্টের মধ্যে অন্তত ১২টির অবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক জায়গায় রাবার সিল উঠে গিয়ে সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নাট–বোল্ট বেরিয়ে পড়েছে বা খুলে গেছে এবং কংক্রিট ঢালাই ক্ষয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার ফাঁক এতটাই বেশি হয়েছে যে নিচে প্রবাহিত নদীর পানি পর্যন্ত দেখা যাচ্ছিল। এসব ক্ষতিগ্রস্ত অংশে যানবাহনের চাকা আটকে গিয়ে গাড়ি লাফিয়ে উঠত, ফলে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতেন। অন্যদিকে সেতুর সব বাতি নষ্ট থাকায় সন্ধ্যার পর সেতুটি ছিনতাইয়ের ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছিল।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সেতু দিয়ে যাতায়াত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাতি নষ্ট থাকায় রাতের বেলায় ছিনতাইয়ের শিকার হতে হতো, আবার ভাঙা জয়েন্টের কারণে প্রতিমুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা ছিল। এখন সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন সংস্কার শেষে সেতুটি আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও টেকসই হবে। সাময়িক দুর্ভোগ থাকলেও এই মেরামত ভবিষ্যতের স্থায়ী স্বস্তির পথ খুলে দেবে বলেও তারা মনে করছেন।

সংস্কার কাজের সুপারভাইজার আব্দুল কাদের জানান, চলাচলে সাময়িক দুর্ভোগ কিছুটা বাড়লেও কাজ শেষ হলে যাত্রীরা ডেমরা সেতু দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। অন্যদিকে সওজের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, সেতুর অ্যাক্সপানশন জয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামো, যা তাপমাত্রা পরিবর্তন, কম্পন, যানবাহনের চাপসহ বিভিন্ন গতিবিধি সামাল দিয়ে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা বজায় রাখে। এসব জয়েন্ট ক্ষতিগ্রস্ত হলে সেতুর কাঠামোতে ফাটল ধরে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তাই প্রকৌশল বিধি মেনে মডুলার মাল্টিপল-গ্যাপ এক্সপানশন জয়েন্ট পুনঃস্থাপন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে সেতুর ভারবহন কাঠামো প্রতিস্থাপন করলেও সেতু ভাঙতে না হয়।