
আজাহার আলী সরকার
আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সাথে সাথে সদ্যনিযুক্ত হাইকোর্টের অতিরিক্ত ২৫ বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতের পর তারা মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
গত ২৬ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ওই দিন বেলা দেড়টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন বিচারকদের শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
এরআগে ২৫ আগস্ট সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দেয় সরকার। তাঁদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা। নতুন ২৫ বিচারকের শপথ গ্রহণের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়াল ১১৩–তে।
হাইকোর্টের অতিরিক্ত নতুন ২৫ বিচারক হলেন মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), মো. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ এফ এম সাইফুল করিম, উর্মি রহমান ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ২৫ আগস্ট সোমবার রাতে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ২৫ ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর।
আপনার মতামত লিখুন :