Agaminews
Dr. Neem Hakim

দুর্নীতির অভিযোগে আদালতে হাজিরার আহ্বান: টিউলিপকে ড. ইউনূস


admin প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন /
দুর্নীতির অভিযোগে আদালতে হাজিরার আহ্বান: টিউলিপকে ড. ইউনূস

বিজনেস ফাইল ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে দুর্নীতির অভিযোগে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য সফরের সময় আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে তা রাজনৈতিক সংলাপ নয়, বরং আইনানুগভাবে আদালতেই মোকাবিলা করা উচিত। তিনি বলেন, “যদি তার (টিউলিপ) বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত।”

ড. ইউনূস জানান, টিউলিপের সঙ্গে তার কোনো কথা হয়নি এবং তিনি বিষয়টিকে পুরোপুরি একটি আইনগত প্রক্রিয়া হিসেবে দেখছেন। তার মতে, এখানে তার ব্যক্তিগতভাবে জড়িত হওয়ার কিছু নেই।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ রয়েছে যে, তিনি ও তার মা শেখ রেহানা প্রভাব খাটিয়ে বাংলাদেশে ৭,২০০ বর্গফুটের একটি প্লট বরাদ্দ নিয়েছেন। এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে আলোচনা চললেও টিউলিপ এবং তার আইনজীবীরা দাবি করেছেন, এগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় টিউলিপ সিদ্দিক এক চিঠির মাধ্যমে তার সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন, যাতে দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ দূর করা যায়। তবে প্রধান উপদেষ্টা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। এতে হতাশা প্রকাশ করে টিউলিপ এক বিবৃতিতে বলেন, তার সঙ্গে সাক্ষাৎ না করে ড. ইউনূস রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্যের প্রচারে ইন্ধন জুগিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলছে। এই পটভূমিতে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।