Agaminews
Dr. Neem Hakim

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬


admin প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ১:১১ অপরাহ্ন /
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত কেবল মাইক্রোবাসের চালকের পরিচয় জানা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। নিহত ও আহত সবাই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

নাটোর বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৬ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ করছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।