Agaminews
Dr. Neem Hakim

নারায়ণগঞ্জের দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন গিয়াসউদ্দিন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ২:২২ পূর্বাহ্ন /
নারায়ণগঞ্জের দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন গিয়াসউদ্দিন

একাত্তর নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে নারায়ণগঞ্জের দুইটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মনোনয়নপত্র জমা দেন। এবার তিনি বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে তার দলীয় নেতাকর্মীরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং অফিসার রায়হান কবিরের কাছে তার মনোনয়ন জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি লোকমান হোসেন, কুতুবপুর ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলের ফতুল্লা থানার সদস্য সচিব রাসেল মাহমুদ। কোন আসনে নির্বাচন করবেন? এমন প্রশ্নের উত্তরে টেলিফোনে সাংবাদিকদের গিয়াসউদ্দিন বলেন, ‘নেতা-কর্মীরাই আমার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছে। তারা যেখানে চাইবে সেখানেই নির্বাচন করবো। তারা যদি মনে করে দুইটাতে নির্বাচন করা উচিৎ তাহলে দুইটাতেই করবো। গিয়াসউদ্দিন এরই মধ্যে দুই আসনেই ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

নেতাকর্মীরা জানায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বক্তাবলী, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকায় ঘরোয়া বৈঠক, কর্মী সমাবেশ, গণসংযোগ এবং সাংগঠনিক সভার মাধ্যমে তিনি নিজের অবস্থান দৃঢ় করেছেন। নেতাকর্মীরা আরো জানায়, আওয়ামী লীগ সরকারের সময় প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি সাংগঠনিক কাঠামো পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন, ইউনিট পুনর্বিন্যাস এবং আন্দোলনমুখী কর্মসূচিতে তৃণমূলের ব্যাপক অংশগ্রহণ তার নেতৃত্বকে স্পষ্ট করে তোলেন। সে সময় তার রাজনৈতিক সক্রিয়তা ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেছিল। ##