
নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ট্রাইকম ঘাটে ক্রেনের তার ছিঁড়ে গ্রাব (লোহার বালতি) নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নওখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) এবং একই থানার নাদোর শহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল লোড-আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যায় একটি জাহাজ থেকে ক্রেনের মাধ্যমে গম আনলোড করা হচ্ছিল। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে ভারী গ্রাবটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় আমিন মিয়াকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিশু মিয়া (২৭) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত দুই শ্রমিকের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সবুজেল হোসেন বলেন, “নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ দুর্ঘটনায় শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :