
একাত্তর নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার রুমে উত্তপ্ত কয়লা ছিটকে অত্যন্ত ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় বন্দর উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনাটি ঘটে। শনিবার রাত ১২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। দগ্ধদের ঢাকার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্ট্রিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধরা হলো তাইজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫), মো. নাহিদ হাসান (২২), ফেরদৌস (৩৫), আতিকুর রহমান (৪২) ও তোরাব আলী (৫৫)।
দগ্ধদের মধ্যে তাইজুলের শরীরের ১২ শতাংশ, কামালের ২৬ শতাংশ, নাহিদের ৪০ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ, আতিকুরের ২৭ শতাংশ এবং তোরাবের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।
আব্দুল্লাহ আল আরেফিন সাংবাদিকদের বলেন, কারখানা থেকে শুরুতে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায় যে, বয়লার রুমের চুল্লিতে কয়লা দেবার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা।
আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে বলে সাংবাদিকদের জানান এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান । তিনি বলেন, ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়েছে। কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ (এডমিন) আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উত্তপ্ত কয়লা ছিটকে গায়ে পড়লে সামনে থাকা ছয়জন শ্রমিক দগ্ধ হন। সাথে সাথে তাদের কারখানার তত্ত্বাবধানে হাসপাতালে আনা হয়। ##
আপনার মতামত লিখুন :