
মোঃ বজলুর রহমান
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ (৭১) আর নেই। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সন্তান হলেও দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়ায় বসবাস করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে তিনি প্রথম ঘরের সন্তানের বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ভোর ৫টার দিকে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল প্রায় ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি প্রথম ঘরের এক স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে এবং দ্বিতীয় ঘরের এক স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। প্রায় ৩০ বছর ধরে তিনি দ্বিতীয় বিবাহসূত্রে মানিকগঞ্জে বসবাস করছিলেন।
বাদ আছর পশ্চিম দাশড়া মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-মুনতাসির মামুন (জেলা প্রশাসক কার্যালয়, মানিকগঞ্জ) এবং মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধাগণ, এর মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শরফুদ্দিন নুরু, কাজী আব্দুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, খলিলুর রহমান, এমদাদ হোসেন, হরযত আলী, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেনসহ অনেকে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
আপনার মতামত লিখুন :