Agaminews
Dr. Neem Hakim

নিকলীতে বীর বিক্রম মতিউর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত


admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ১:১৬ অপরাহ্ন /
নিকলীতে বীর বিক্রম মতিউর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, নিকলী উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি মরহুম মতিউর রহমান বীর বিক্রম–এর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বাদ আসর নিকলী জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন — নিকলী উপজেলা বিএনপির নবগঠিত সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া, বীর বিক্রম মতিউর রহমানের একমাত্র ছেলে মুশফিকুর রহমান জোসেফ, শরিফুল আলম রাজন, নজরুল ইসলাম (মেম্বার), ড. কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুশির্দ আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবিরসহ নিকলী উপজেলার বিভিন্ন স্তরের জনগণ।
সভায় বক্তারা মরহুম মতিউর রহমান বীর বিক্রমের জীবন, কর্ম ও অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, আদর্শবান রাজনীতিবিদ ও জনগণের নেতা। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসব জায়গায় তাঁর অবদান ছিল অবিস্মরণীয়।
বীর বিক্রম মতিউর রহমানের একমাত্র ছেলে মুশফিকুর রহমান জোসেফ বলেন, “আমার বাবা শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। তিনি সারাজীবন দলের ও মানুষের জন্য কাজ করেছেন। তাঁর আদর্শ ও সততা আমার জীবনের প্রেরণা হয়ে থাকবে।”
উপজেলা বিএনপির নবগঠিত সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, “বীর বিক্রম মতিউর রহমান ছিলেন আমাদের অভিভাবকসম নেতা। তাঁর হাত ধরেই নিকলীর রাজনীতিতে শৃঙ্খলা ও আদর্শের বীজ বপন হয়েছিল। আমরা তাঁর আদর্শ ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করব।”
সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম বলেন,
“মতিউর রহমান বীর বিক্রম ছিলেন সাহস ও সততার প্রতীক। তিনি অন্যায়ের প্রতিবাদে ছিলেন অটল। তাঁর দেখানো পথেই আমরা বিএনপিকে জনগণের দলে পরিণত করব।”
পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।