Agaminews
Dr. Neem Hakim

নির্বাচনে বিলম্ব দেশের জন্য ঝুঁকি বয়ে আনবে: ফার্মেসি অ্যাসোসিয়েশনের সভায় দুদু


admin প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন /
নির্বাচনে বিলম্ব দেশের জন্য ঝুঁকি বয়ে আনবে: ফার্মেসি অ্যাসোসিয়েশনের সভায় দুদু

বিজনেস ফাইল প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করে বলেছেন, নির্বাচনে বিলম্ব দেশের জন্য ঝুঁকি বয়ে আনবে। কারণ পতিত ফ্যাসিস্টরা পার্শ্ববর্তী দেশে আছে। লুণ্ঠিত অর্থ ও অস্ত্র তাদের হাতে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘আইনশৃঙ্খলার অবনতি, মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস রুখতে নির্বাচিত সরকারের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। তবে সেটি যেন পিছিয়ে মার্চ বা এপ্রিল না হয়। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল। সরকার বলেছে, ফেব্রুয়ারিতে হবে। আমরা মেনে নিয়েছি এবং সহযোগিতা করছি।’

তিনি বলেন, ‘দেশে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল আর সন্ত্রাস ব্যাপকভাবে বেড়েছে। অথচ মানুষের প্রত্যাশা ছিল, স্বৈরাচারী শাসনের অবসান ঘটলে শান্তি ফিরে আসবে। কিন্তু শান্তি নয়; বরং বিভেদ আর মুসিবতে মানুষকে বাস করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ‘চাকরির সংকট তীব্র। যাদের চাকরি আছে, সেটিও রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিনদুপুরে ছিনতাই হচ্ছে। পুলিশ তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কি না—সেটাই প্রশ্ন। পুলিশ দাবি করছে, তাদের ওপর ছাত্র-জনতা হামলা চালিয়েছে। কিন্তু গত ১৫ বছর তারা যেভাবে সরকারকে সহায়তা করেছে, আন্দোলনরত জনতার ওপর গুলি চালিয়েছে, সেটা ঠিক হয়নি। এখন তাদেরও সংশোধন হওয়া প্রয়োজন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, কিন্তু গণতন্ত্রের উত্তরণ এখনো হয়নি। শাসকেরা প্রতিশ্রুতি দিয়েছেন, ঐতিহাসিক নির্বাচন করবেন। তাই বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া এবং দেশবাসী সরকারকে সহযোগিতা করছে। তবে নির্বাচন যত দেরি হবে, সন্ত্রাস তত বাড়বে, দেশ বিপদে পড়বে।’

বাংলাদেশ জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. এ বি সিদ্দিক হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদি প্রমুখ।